লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের এক শিক্ষককে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও তাঁদের যৌন হয়রানির অভিযোগ আনা হয়। কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ ব্যাপারে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজের দরিদ্র ছাত্রীদের বিনা মূল্যে প্রাইভেট পড়ানোর নামে তাঁদের সঙ্গে ওই শিক্ষক অশোভন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, গত ৪ মার্চ হিন্দু সম্প্রদায়ের এক ছাত্রীকে ওই শিক্ষক গোপনে বিয়ে করেন। বিয়ের আগে ওই ছাত্রীকে ধর্মান্তরিত করে মুসলমান করা হয়। প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে ওই শিক্ষক এই বিয়ে করেন। এ ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে গিয়ে ওই শিক্ষককে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ আসাদুল হাবিব বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি।’