লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে গত শুক্রবার রাতে সদর উপজেলাসহ ৩টি উপজেলায় ১৮টি বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে গেছে। এতে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার রাতে লালমনিরহাট পৌরসভার কিছু এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। তবে অন্য স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই-তিন লাগবে।
ঝড়ে সদর উপজেলা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় ২ হাজার ১৭৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০ হেক্টর বোরো ধানের খেত, ৭৩০ হেক্টর জমির ভুট্টা, ২৭৫ হেক্টর জমির পাট ও ১২০ হেক্টর জমির শাকসবজির খেত। এ ছাড়া তিনটি উপজেলায় প্রায় আড়াই হাজার পরিবারের কাঁচা ও টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আদিতমারীর মহিশখোচা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার একটি আধা পাকা ভবনের টিনের চাল উড়ে গেছে। একই উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ঘরের দেয়াল ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালমনিরহাট বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বলেন, ১৮টি খুঁটি উপড়ে ও ভেঙে গেছে। জেলা শহরের ৩০০ পয়েন্টে তার ছিঁড়ে কিংবা ঝুলে গিয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ে অবস্থা আরও খারাপ হয়েছে। অবস্থা মোকাবিলায় অন্যত্র থেকে বাড়তি জনবল, গাড়িসহ যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তিন দিন লেগে যেতে পারে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিধু ভূষণ রায় বলেন, ঝড়ে ও শিলাবৃষ্টিতে ধানে চিটার পরিমাণ কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, শুক্রবার রাতে সদর উপজেলায় ১৭৫ মিলিমিটার, আদিতমারীতে ১৫৫ মিলিমিটার ও কালীগঞ্জে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।