লালমনিরহাটে কৃষক সমাবেশ
আলু চাষে সার-কীটনাশকের পরিমিত ও সুষম ব্যবহার নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কৃষক সমাবেশ হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে এ সমাবেশ হয়।
সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এ কৃষক সমাবেশের আয়োজন করেন বড়বাড়ী ইউনিয়নের কৃষক ফার্টিলাইজার দোকানের মালিক সাহেবর হোসেন।
সমাবেশে আলু চাষের জন্য সার-কীটনাশকের পরিমিত ও সুষম ব্যবহার ছাড়াও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অতিরিক্ত সার-কীটনাশক ব্যবহারে জমি ও ফসলের ওপর কী ধরনের ক্ষতিকারক প্রভাব পড়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাবেশে বক্তব্য দেন সাহেবর হোসেন, সিনজেন্টা কোম্পানির রংপুর অঞ্চলের বিপণন ব্যবস্থাপক খালেদুর রহমান, কোম্পানির প্রধান কার্যালয়ের প্রোডাক্ট ম্যানেজার রায়হানুল ইসলাম প্রমুখ।
ওই সমাবেশে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী, কুলাঘাট, গোকুন্ডা, রাজপুর, হারাটি, খুনিয়াগাছ, মহেন্দ্রনগর ও পঞ্চগ্রাম ইউনিয়নের এবং কুড়িগ্রামের রাজারহাটের সিনাই ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের নির্বাচিত/আদর্শ আলুচাষিরা অংশ নেন।