লালমনিরহাটে খালেদা জিয়ার জনসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ সোমবার বেলা তিনটায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জনসভায় ভাষণ দেবেন । তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছে।লালমনিরহাটের জনসভায় খালেদা জিয়া সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হত্যা এবং এই হত্যা বন্ধে সরকারের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল খালেদা জিয়া দলের কয়েকজন নেতার সঙ্গে আলাপ করেছেন। সেখানে উত্তরাঞ্চলের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, লালমনিরহাটের সঙ্গে ভারতের ২০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত আছে। সীমান্তে বিএসএফের হামলা আন্তর্জাতিক মহলে নিন্দনীয় হওয়ায় এ ব্যাপারে কথা বলার জন্য এই জেলাকে বেছে নেওয়া হয়েছে। ওই নেতা জানান, আজকের জনসভা থেকে খালেদা জিয়া উত্তরাঞ্চলের আটটি জেলার নেতা-কর্মী ও সমর্থকদের ১২ মার্চের ঢাকার মহাসমাবেশে আসার আমন্ত্রণ জানাবেন। খালেদা জিয়ার সফর ঘিরে লালমনিরহাটের প্রবেশদ্বার তিস্তা সেতু থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। শহরের বিভিন্ন পয়েন্টে বর্ণিল আলোকসজ্জা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-সংবলিত ডিজিটাল ব্যানার স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে গুলশানের বাসা থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রাত সাড়ে আটটার দিকে তাঁর গাড়িবহর বগুড়া পৌঁছায়। বগুড়া সার্কিট হাউসে তিনি রাত যাপন করেন।সার্কিট হাউসে খালেদা জিয়া রাতে স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মীয়দের সঙ্গেও তিনি সময় কাটান।ঢাকা থেকে রওনা হওয়ার পর বগুড়া পর্যন্ত সড়কের কালিয়াকৈর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানান। তাঁরা বিপুলসংখ্যক তোরণও নির্মাণ করেন।