লালমনিরহাটে গান গাইলেন কলকাতার শিল্পী দিলীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে রবীন্দ্রসংগীতের আড্ডায় ভারতের কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায় গত বুধবার সন্ধ্যায় প্রায় এক ডজন গান গেয়ে সবাইকে মাতিয়েছেন। লালমনিরহাট জেলা স্বর্ণামতী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উদ্যোগে স্থানীয় বার্ন হার্ডট কিন্ডারগার্টেন মিলনায়তনে ‘একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি’ শিরোনামে রবীন্দ্রসংগীতের ওই আড্ডা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত রবীন্দ্রসংগীতের ওই আড্ডা চলে। এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে শায়লা শারমিন, প্রিয়াংকা রায়, সুমন চন্দ্র রায় ও আদ্রিতা দাস রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। তবলা বাজান তবলাবাদক দিলীপ চন্দ্র রায়। শুরুতে স্বাগত বক্তব্যসহ দিলীপ মুখোপাধ্যায়ের পরিচিতি তুলে ধরেন জেলা স্বর্ণামতী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম। অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন সাহিত্য ও পাঠচক্রের সভাপতি স্বপ্না জামান।