লালমনিরহাটে গৃহবধূ ও সিরাজগঞ্জে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত রোববার রাতে নয় মাসের অন্তঃসত্ত্বা লতা মনি (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লতার স্বামী আশরাফুল ইসলামসহ (২৬) তিনজনের নামে মামলা হয়েছে৷ এ ছাড়া গত সোমবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহাদৎ হোসেন (৪০) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
লতা মনির আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি মাস্টারপাড়ায় রোববার সন্ধ্যায় কথা-কাটাকাটির জের ধরে লতাকে বেধড়ক মারধর করেন আশরাফুল৷ রাতে আবারও লতাকে লাঠি দিয়ে পেটান তিনি৷ এ সময় লতা মারা গেলে আশরাফুল গোয়ালঘরের ধরনায় লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যান৷ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷
আশরাফুল পলাতক থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷ তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে তদবির করছেন৷
নিহত গৃহবধূর বাবা আজিজুল হক বলেন, ‘প্রায়ই লতাকে নির্যাতন করতেন আশরাফুল৷ মাহিন হোসেন নামে দুই বছর বয়সী এক ছেলে রয়েছে তাঁদের৷ আমার নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে হত্যা করে আশরাফুলের বাড়ি সবাই পালিয়ে গেছেন৷ আমি মেয়ে হত্যাকারীদের ফাঁসি চাই৷’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই মিলন বাদী হয়ে সোমবার আশরাফুলসহ তিনজনের নামে থানায় একটি হত্যা মামলা করেছেন৷
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহাদৎ হোসেন নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ সোমবার রাতের কোনো এক সময় উপজেলার দুর্গানগর ইউনিয়নের মানুষ মুরা গ্রামে এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে নিহত কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ৷ পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, সোমবার রাতের শাহাদৎ বাড়ির আিঙনায় বাঁশের চাতালের ওপর ঘুমিয়ে ছিলেন৷ রাতের কোনো এক সময় কে বা কারা তাঁকে গলা কেটে হত্যা করে৷ এ ঘটনায় তাঁর স্ত্রী জোবায়েদা বেগম গতকাল একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷