লালমনিরহাটের বিভিন্ন স্থানে রেললাইন তুলে ফেলাসহ বিভিন্ন নাশকতার ছয়টি মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে।
জিআরপি থানার পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর এই এক মাসে সদর উপজেলার মহেন্দ্রনগর ও তিস্তা রেলস্টেশনের মধ্যবর্তী স্থান, মহেন্দ্রনগর রেলক্রসিং পয়েন্ট, কালীগঞ্জের ভোটমারী ও হাতিবান্ধা রেলস্টেশনের মধ্যবর্তী স্থান এবং কালীগঞ্জের তুষভান্ডার ও কাকিনা রেলস্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন তুলে ফেলাসহ বিভিন্ন ধরনের নাশকতায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলার বাদী হয়েছেন লালমনিরহাট রেলের বিভাগীয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. আবদুল লতিফ। মামলাগুলোর মধ্যে ১২ নভেম্বর রাতে তুষভান্ডার ও কাকিনা রেলস্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা করা হয়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি শামছুল আলম শাহ্ জানান, মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তুষভান্ডার ও কাকিনা রেলস্টেশনের মাঝামাঝি স্থানে নাশকতার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড ও সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশন এলাকার নাশকতার মামলায় এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রেলের বিভাগীয় সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক (এটিএস) সাজ্জাদ হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মো. আবদুল লতিফ বাদী হয়ে ওই মামলাগুলো করেছেন।