লালমনিরহাটে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চার কোটি টাকার কাজের দরপত্র দাখিলে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ছিল দরপত্র দাখিলের নির্ধারিত সময়। এটি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী-দুর্গাপুর এলাকায় ৩০ মিটার দীর্ঘ রাবার ড্যাম প্রকল্পের দরপত্র।ঠিকাদারদের অভিযোগ, বিষয়টি দিনাজপুর ও লালমনিরহাটের জেলা প্রশাসকসহ (ডিসি) পুলিশ সুপারকে সঙ্গে সঙ্গে জানিয়েও কোনো লাভ হয়নি। পরে দিনাজপুর ও বগুড়ার ঠিকাদারেরা দরপত্র দাখিল না করেই ফিরে যেতে বাধ্য হন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ওই প্রকল্পের দরপত্র দাখিলের জন্য জেলার বাইরে থেকে আসা কয়েকজন ঠিকাদার সকাল ১০টায় লালমনিরহাট এলজিইডি ভবন চত্বরে গেলে যুবলীগের কর্মী পরিচয়ধারী যুবকেরা তাঁদের দপ্তরে ঢুকতে বাধা দেয়। এরপর ওই যুবকেরা দরপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত ঠিকাদারদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে। অবরুদ্ধ অবস্থায় তাঁরা মুঠোফোনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘটনাটি জানিয়ে সহযোগিতা চান। কিন্তু দরপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত তাঁরা কোনো সহায়তা পাননি। দরপত্র দাখিলের নির্ধারিত সময় পেরিয়ে গেলে হুমকির মুখে ওই ঠিকাদারদের শহর ত্যাগ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে লালমনিরহাট শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় ঠিকাদারেরা সাংবাদিকদের ডেকে লিখিত বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, নিরাপত্তার অভাবে সদর থানায় গিয়ে তাঁরা দরপত্র দাখিলে বাধা দেওয়াসহ হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেননি। দিনাজপুর ও বগুড়া থেকে আসা ঠিকাদারদের মধ্যে আমিনুর রহমান, শিবলী সাদিক, বাদশা সরকার, মানিক জোয়ারদার ও আলাউল হক অভিযোগ করেন, ‘আমরা রাবার ড্যাম প্রকল্পের দরপত্র দাখিলের জন্য সকাল সোয়া ১০টার দিকে লালমনিরহাট এলজিইডি চত্বরে যাই। এ সময় কয়েকজন যুবক আমাদের ঘেরাও করে নেতাদের সঙ্গে কথা বলতে পাশের রাস্তায় নিয়ে যায়। সেখানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ কয়েকজন নেতা আমাদের দরপত্র দাখিল না করতে হুমকি দেন। এর পর থেকে আমরা ওই যুবকদের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকি। কৌশলে প্রশাসনকে ঘটনা জানিয়ে এ ব্যাপারে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। একপর্যায়ে নির্ধারিত সময় পেরিয়ে গেলে তারা আমাদের শহর ত্যাগে বাধ্য করে।’ দিনাজপুরের ডিসি জামাল উদ্দিন আহম্মেদ বলেন, ঘটনাটি জানতে পেরে তিনি বিষয়টি লালমনিরহাটের ডিসিকে দেখার জন্য অনুরোধ করেন। লালমনিরহাটের ডিসি মোখলেছার রহমান সরকার বলেন, ‘আমি ঘটনাটি দিনাজপুরের ডিসির মাধ্যমে জানতে পারি। পরে পুলিশ সুপারকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি।’ লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘ডিসির মাধ্যমে খবর পেয়ে দুপুর ১২টার পর এলজিইডি কার্যালয়ে বাড়তি পুলিশ পাঠাই। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি।’ এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার মুঠোফোনে যোগাযোগের জন্য অনেক চেষ্টা করা হলেও তিনি ফোনটি ধরেননি। লালমনিরহাটের এলজিইডির সহকারী প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, দরপত্র দাখিলে কাউকে বাধা দেওয়া হয়েছে কি না তা তিনি জানেন না।