লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের রাশেদুল হককে (২৫) নির্যাতন করে হত্যার পর লাশ ধরলা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ এনে মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সদর থানায় করা মামলায় বিডিআরের চার সদস্যসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।মামলার আসামিরা হলেন লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের হাবিলদার মাহাবুব আলম, ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহি আবদুল জলিল ও আল-আমিন এবং মোগলহাট বিওপি বিডিআরের লাইনম্যান সাইদুল ইসলাম। বিডিআরের চার সদস্য ঘটনার দিন ১৮ আগস্ট মোগলহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন। পরের দিন রাতে তাঁদের প্রত্যাহার করে ৩১ রাইফেল ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, নিহত রাশেদুলের বাবা আবদুল হক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হত্যা মামলা করেছেন। মামলা নম্বর ২৯।মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ আগস্ট সন্ধ্যায় আসামিরা চাঁদা না পেয়ে জিজ্ঞাসাবাদের নামে রাশেদুলকে চওড়াটারী গ্রামের হাফিজ উদ্দিনের মুদির দোকান থেকে আটক করে। পরে তারা রাশেদুলকে নির্যাতন চালিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। এরপর ২০ আগস্ট সকাল সাড়ে সাতটায় ঘটনার ৩৬ ঘণ্টা পর সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া ঘাট ধরলা নদী থেকে রাশেদুলের ক্ষত-বিক্ষত লাশ পুলিশ উদ্ধার করে।এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আজ সোমবার বেলা ১১টার দিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করবেন বলে এক নোটিশে সংশ্লিষ্টদের জানিয়েছেন। নোটিশে মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমানকে ঘটনা সম্পর্কে উপযুক্ত তথ্য-প্রমাণ উপস্থাপনে সক্ষম ব্যক্তিদের তদন্তস্থলে উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। চেয়ারম্যান হাবিবুর জেলা প্রশাসনের তদন্ত কমিটির নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।