লালমনিরহাটে ছয় ভাষাসৈনিক সম্মাননা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল শনিবার লালমনিরহাটের জীবিত দুই ভাষাসৈনিক ও মরণোত্তর চার ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে। লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত জীবিত দুই ভাষাসৈনিক হলেন কমরেড শামসুল হক, জহির উদ্দিন আহম্মদ এবং মরণোত্তর সম্মাননা পাওয়া চার ভাষাসৈনিক হলেন আশরাফ আলী, মো. মনিরুজ্জামান, আবদুল কুদ্দুছ ও জাহানারা বেগম দুলু।
অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান ভাষাসৈনিকদের হাতে এবং মরণোত্তর ভাষাসৈনিকদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মজিবর রহমান। মুখ্য আলোচক ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মজিদ মণ্ডল। এ ছাড়া আলোচনা করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আলী আনছার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে নবনির্বাচিত লালমনিরহাট জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটির পরিচিতি সভা ও অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।
এ উপলক্ষে সম্মাননাপ্রাপ্ত ছয় ভাষাসৈনিকের সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘ভাষাসৈনিক সম্মাননা-২০১৫’ শিরোনামে একটি সচিত্র স্মারকপত্র প্রকাশ করেছে লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম ও বিশিষ্ট সমাজকর্মী, কবি ও গল্পকার ফেরদৌসী রহমান।