লালমনিরহাটে ছয় শিক্ষার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা শিশু নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র আবদুর রহিম ওরফে উল্লাস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় ছাত্রকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ছয় শিক্ষার্থীরা হলো হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ সিংগীমারী গ্রামের এইচএসসি পরীক্ষার্থী জুয়েল (১৮), ১০ম শ্রেণির ছাত্র সজিব (১৬), সৌখিন (১৬), অষ্টম শ্রেণির ছাত্র স্বপন (১৪), সোহাগ (১৪) ও সপ্তম শ্রেণির ছাত্র আলমগীর হোসেন (১৩)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, রহিমের লাশ উদ্ধারের দিন সন্দেহভাজন আসামি হিসেবে সোমবার রাতে পাঁচজন ও মঙ্গলবার সন্ধ্যায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবিরের আদালত গতকাল তাদের সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে আজ (বৃহস্পতিবার) শুনানির দিন ধার্য করেছেন।
হাতীবান্ধা শিশু নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র আবদুর রহিম উল্লাস গত সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত নয়টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত দোতলা ভবনের একটি জানালার রডের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার: গতকাল দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সঠিবাড়ী আমতলা দোলার একটি কালভার্টের নিচ থেকে রোখসানা বেগম (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে রোখসানা স্থানীয় বেগম কামরুন নেছা ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। এ ব্যাপারে আদিতমারী থানার ওসি কফিল উদ্দিন বলেন, গতকাল দুপুরে দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে খবর পেয়ে পুলিশ রোখসানার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।