লালমনিরহাটে ছাত্রলীগের আহত নেতার মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতা রিয়াজুল ইসলাম গত বুধবার মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৩ মার্চ ভোরবেলা মহেন্দ্রনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও লালমনিরহাট সরকারি কলেজের স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্র মো. রিয়াজুল ইসলামকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে শরীর ও মাথায় আঘাত করে বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের ধারে তাঁকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আট দিন পর গত বুধবার বিকেলে তিনি মারা যান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মহেন্দ্রনগর ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আবদুল মোন্নাফ ও আবদুল রাজ্জাক নামের দুই সহোদরকে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রংপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে। ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: ১৮ দলের ডাকা ১৮ ও ১৯ মার্চের হরতালের দ্বিতীয় দিনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লালমনিরহাটে জেলা যুবদলের সভাপতিসহ ১৮ দলের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে গত বুধবার এ মামলা করেন।