লালমনিরহাটে ছাত্রলীগের নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসম্পাদক মুসফিক রহমানের (১৯) খুনের ঘটনায় গত শুক্রবার রাতে আদিতমারী থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত মুসফিকের চাচা আখতার হোসেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুসফিক রহমানকে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ঘটনার দিন রাতে মুসফিকের সঙ্গে লালমনিরহাট শহর থেকে আদিতমারীর ত্রিমোহনী সেতুর বাজার এলাকায় যাওয়া মেহেদী হাসান (১৮) ও রাজিন আহম্মেদ (১৭)। মামলায় প্রধান আসামি করা হয়েছে আদিতমারীর ভাদাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের আহসান হাবিবের ছেলে নাজিম উদ্দিনকে (১৯)। নাজিম পলাতক রয়েছেন।
আদিতমারী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফিরোজ কবীর বলেন, মেহেদী হাসান ও রাজিন আহম্মেদকে গতকাল শনিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার এজাহারে টাকাপয়সার লেনদেনসংক্রান্ত বিষয়ে মুঠোফোনে নাজিম ছাত্রলীগের নেতা মুসফিককে ডেকে নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে ছুরিকাঘাত করেন। পরে ত্রিমোহনী সেতুর বাজার এলাকার কয়েকজন লোক তাঁকে উদ্ধার করে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফিরোজ কবীর আরও বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। তদন্তের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার মূল অভিযুক্ত নাজিম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাজিম গ্রেপ্তার হলে ঘটনার মূল কারণ এবং আরও কেউ জড়িত আছে কি না, তা জানা সম্ভব হবে।