লালমনিরহাটে জাপা ও আওয়ামী লীগের দ্বন্দ্ব
লালমনিরহাটের কালীগঞ্জে মহাজোটের দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জাপাদলীয় স্থানীয় সাংসদ ও দলের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহম্মেদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ দুপুরে উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মজিবর রহমান। অনুষ্ঠান উপলক্ষে নির্মিত তোরণ ও মঞ্চ গত ২৭ মার্চ গভীর রাতে কে বা কারা ভাঙচুর করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাপার নেতা মো. খালেকুজ্জামান হেলাল অভিযোগ করেন, সাংসদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এখানকার আওয়ামী লীগের কর্মীরা এ কাজ করেছেন। তবে কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাহির তাহু বলেন, ওই ঘটনার সঙ্গে জাপার লোকজনই জড়িত। এখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রাজনীতির মাঠ গরমের চেষ্টা করছে।এর আগে গত ৭ জানুয়ারি বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান উচ্চবিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল মজিবর রহমানের। একই মাঠে একই সময় পাল্টা সমাবেশ আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ। শেষ পর্যন্ত সমাবেশে যোগ দিতে পারেননি সাংসদ।গত বছরের ২২ ডিসেম্বর বিকেলে মো. তাহির তাহুরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মজিবর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মজিবর রহমানকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত ২১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেওয়া হয়।নুরুজ্জামান আহম্মেদ বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে মজিবর রহমান সাংসদ নির্বাচিত হন। কিন্তু বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপার নেতা-কর্মী ও সমর্থকদের প্রাধান্য দিয়ে তিনি আওয়ামী লীগকে বঞ্চিত করেন। তাঁর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে আওয়ামী লীগ চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।মজিবর রহমান বলেন, ‘আমার কাছে অন্যায় সুযোগ-সুবিধা না পেয়ে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুধু তা-ই নয়, ওরা আমার অনুষ্ঠানের তোরণ ও মঞ্চ ভাঙচুর করে অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছে। ওদের একগুঁয়েমির কারণে শান্তিশৃঙ্খলার স্বার্থে আমি একবার কালীগঞ্জের একটি অনুষ্ঠানে যাইনি। এসব করে আওয়ামী লীগের রাজনৈতিক সুনাম বৃদ্ধি পাচ্ছে, না ক্ষতি হচ্ছে, তা ভবিষ্যৎই বলে দেবে।’