লালমনিরহাটে ট্রান্সফরমার পুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
লালমনিরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড সংরক্ষণ উপকেন্দ্রের ট্রান্সফরমার পুড়ে গতকাল মঙ্গলবার বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুরো জেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এতে পানি সরবরাহ ব্যবস্থাসহ অন্যান্য জরুরি কাজ ব্যাহত হয়।
বিদ্যুতের তারে সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিদ্যুতের আগুন জ্বলতে দেখা যায়। এ অবস্থায় শহরের সদর হাসপাতাল এলাকা থেকে মোগলহাট রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় চলাচলকারী মানুষসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লালমনিরহাট গ্রিড সংরক্ষণ বিভাগ ও বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ সূত্র জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে লালমনিরহাট শহরের বিভিন্ন এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম বিদ্যুৎ সঞ্চালন ৩৩ হাজার কেভি লাইনের বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১টা ৩৫ মিনিট নাগাদ বিদ্যুৎ সরবরাহ লাইনের আগুন লালমনিরহাট গ্রিড সংরক্ষণ বিভাগের ট্রান্সফরমার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে বৈদ্যুতিক তারের লাইন পুড়ে যাওয়ার পাশাপাশি গ্রিড অভ্যন্তরে অবস্থিত ৩৩ কেভি পাটগ্রাম ফিডার লাইনের ব্রেকার ও ট্রান্সফরমার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার এ সংবাদ পেয়ে ১টা ৩৫ মিনিটে রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগ থেকে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ্জাহান আলীর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত লালমনিরহাট গ্রিড সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে বেলা সাড়ে তিনটার দিকে রংপুর থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে লালমনিরহাট বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগে সরবরাহ দেন।
রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ্জাহান আলী বলেন, লালমনিরহাট শহরের যেকোনো স্থানে শর্টসার্কিট থেকে এ আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
লালমনিরহাট বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা প্রথমে লালমনিরহাট শহর ও আদিতমারীর আংশিক এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ দিতে সক্ষম হই।’
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে লালমনিরহাটের ৩৩ কেভি সঞ্চালন গ্রিডে অগ্নিকাণ্ডের কারণে জেলার অন্যান্য অঞ্চলের সঙ্গে সঙ্গে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এর আগে সোমবার রাত ১২টায় জেলার কালীগঞ্জ উপজেলায় ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়। তারপর ১টার দিকে সেটির মেরামত কাজ শেষ না হতেই আবার লালমনিরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাটগ্রামের আবাসিক নির্বাহী প্রকৌশলী (বিতরণ) আবদুল মতিন বলেন, লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন গ্রিড লাইনের ট্রান্সমিটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এটি মেরামত সম্পন্ন হলে দ্রুত সরবরাহ দেওয়ার চেষ্টা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা বিদ্যুৎহীন রয়েছে।