লালমনিরহাটে ট্রেন-ট্রাক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী রেল সেকশনের কাকিনা রেল ক্রসিংয়ে বুড়িমারী-লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।

লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে পাঁচটায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ফেললে আবার রেল চলাচল শুরু হয়। তবে কাকিনা রেল ক্রসিংয়ে লালমনিরহাটগামী ট্রেনটি সাড়ে চার ঘণ্টা আটকে থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক ও সহকারী (হেলপার) দুর্ঘটনার সময় গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যান।

এ ব্যাপারে লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই বলেন, সংবাদ পেয়ে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে দিলে বিকেল পাঁচটায় আটকে থাকা ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করে। তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট রেল বিভাগীয় সহকারী পরিবহন সুপার (এটিএস) সাজ্জাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।