লালমনিরহাটে মারধর ও ভয় দেখানোর অভিযোগে ঠিকাদার মফিজুল ইসলাম ওরফে রানার বিরুদ্ধে মামলা করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। মঙ্গলবার সদর থানায় তিনি এ মামলা করেন।মামলা করার বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সোবহান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এজাহারে বাদী মিজানুর রহমান উল্লেখ করেন, গতকাল পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদার রানার নেতৃত্বে চার-পাঁচজন গিয়ে তাঁকে মারধর করেন ও ভয় দেখান। তিনি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাঁদের পরামর্শে থানায় রানাসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছি।’এ ব্যাপারে ঠিকাদার রানা বলেন, লালমনিরহাট পাউবোর ৬৫ কোটি টাকার (২০টি গ্রুপে বিভক্ত) কাজের জন্য আহ্বান করা দরপত্রে চিটাগাং স্টিল ওয়ার্কসের নামে অংশ নেন তিনি। এর মধ্যে ৩৪ নম্বর গ্রুপের কাজের জন্য তিনিই ছিলেন সর্বনিম্ন দরদাতা। কিন্তু তাঁকে না দিয়ে উচ্চতর দরদাতাকে কাজটি দেওয়া হয়। এই অনিয়মের বিষয়ে জানানো হলে তাঁকে অফিসে ডাকেন পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার। মঙ্গলবার দুপুরে সেখানে গেলে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এ ব্যাপারে তাঁর বাগিবতণ্ডা হয়। মিজানুর রহমানকে মারধর করা ও ভয় দেখানোর অভিযোগ আবদুল মতিন অস্বীকার করেন।