লালমনিরহাটে তরুণ লীগ নেতা খুন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন তরুণ লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে (৩০) দুর্বৃত্তরা খুন করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট পৌরসভার পুঠিমারী দোলা এলাকায় তাঁকে খুন করা হয়।
সাব্বিরের বাবা আহাম্মদ আলী অভিযোগ করেন, ‘আমার ছেলেকে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবদল নেতা আসলাম হোসেন (৩০) শহর থেকে ডেকে নিয়ে পুঠিমারী দোলায় কুপিয়ে হত্যা করেছেন।’
লালমনিরহাট সদর থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, সাব্বিরের ছোট ভাই সাজু টেলিফোনে থানায় তাঁর ভাই খুন হওয়ার বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। সাব্বির রাজনীতির পাশাপাশি গরুর ব্যবসা করতেন। ওসি বলেন, সাজু তাঁদের জানিয়েছেন, সন্ধ্যায় আসলাম তাঁর ভাইকে ডেকে নিয়ে যান। পরে পুঠিমারী দোলায় নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যান তিনি। ওসি জানান, ঘটনার বিস্তারিত জানতে তাঁরা পরে স্বপনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যাচ্ছে না।