লালমনিরহাটে তরুণ লীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন তরুণ লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট পৌরসভার পুঠিমারি দোলা এলাকা থেকে সাব্বির হোসেনের লাশ উদ্ধার করেছে  পুলিশ।

নিহত সাব্বিরের বাবা আহাম্মদ আলীর অভিযোগ, ‘সাব্বিরকে লালমনিরহাট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও যুবদলের নেতা আসলাম হোসেন (৩০) শহর থেকে ডেকে নিয়ে পুঠিমারি দোলায় কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  জমির উদ্দিন বলেন, সন্ধ্যায় সাব্বিরের ছোট ভাই সাজু টেলিফোনে জানায়, তার ভাইকে আসলাম খুন করেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘সাব্বিরের ভাই সাজু মুঠোফোনে পুলিশকে জানায়, আজ সন্ধ্যায় সাব্বিরের সঙ্গে থাকা স্বপন তাঁকে জানিয়েছেন, আসলাম হোসেন সন্ধ্যায় শহর থেকে সাব্বিরকে ডেকে নিয়ে ওই স্থানে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। স্বপনের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।’

নিহত সাব্বির মোগলহাট ইউনিয়নের দুরাকুটি গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি গরুর ব্যবসা করতেন।