লালমনিরহাটে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার তিন উপজেলায় অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার জের ধরে ৩৭ দিনে তিনজন খুন হয়েছেন। তাঁরা হলেন আদিতমারীর অর্চনা রানী (১৩), হাতীবান্ধার বীণা রানী (৩২) ও লালমনিরহাট সদর উপজেলার শহীদ আলী (৪৫)। এসব ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরকীয়ার ঘটনায় সর্বশেষ প্রাণহানির ঘটনা ঘটেছে ৯ জুলাই আদিতমারীর কিশামত বড়াইবাড়ি গ্রামে। মা ভারতী রানীর (৩২) অনৈতিক সম্পর্কের কথা জেনে যাওয়ায় সপ্তম শ্রেণীপড়ুয়া মেয়ে অর্চনা রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এলাকাবাসী ভারতী রানীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের অভিযোগ, চার বছর আগে স্বামী কার্তিক চন্দ্রের মৃত্যুর পর অনেকের সঙ্গেই ওই নারীর সম্পর্ক ছিল। তাই ভারতী রানীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ভারতী রানী দাবি করেছেন, তাঁর মেয়ে ভোরের দিকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিলে তিনি তাকে নিচে নামান। কিন্তু তাকে বাঁচানো যায়নি।১ জুলাই মধ্যরাতে হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারির ওয়াছেদ খানের কলোনিতে দাম্পত্য কলহের একপর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী সুকুমার রায় স্ত্রী বীণা রানীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। বীণা রানীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সুকুমার পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বীণাকে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ জুলাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৬ জুলাই সকালে মারা যান তিনি। সুকুমার-বীণা রানীর সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বীণা রানী হাতীবান্ধার এ আর কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। হত্যার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও নারী সংগঠন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। একাধিক সূত্রে জানা গেছে, সুকুমার রায়ের সঙ্গে উপজেলার মিলন বাজার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার পরকীয়া ছিল। তাঁরা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন—এ কথা ফাঁস হয়ে গেলে বীণা রানীর সঙ্গে সুকুমারের কলহ দেখা দেয়। হাতীবান্ধা থানার ওসি এনামুল করিম বলেন, বীণা রানীর মৃত্যুর পর ৬ জুলাই রাতে এসআই আবদুল জলিল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেছেন। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগানোর জন্য কেরোসিন তেল ছিটানোর আলামত পাওয়া গেছে। সুকুমার ও ওই স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ২ জুন রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের বাকপ্রতিবন্ধী শহীদ আলীকে বিষ খাইয়ে হত্যা করা হয়। হত্যার অভিযোগে পরের দিন পুলিশ স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে।এ ঘটনায় ৩ জুন নিহতের চাচাতো ভাই সুকুর আলী বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন। লালমনিরহাট সদর থানার এসআই আবদুস ছোবহান বলেন, স্বামীকে বিষ খাইয়ে হত্যার কথা গ্রামের লোকজনের সামনে স্বীকার করলে মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাফর ইকবাল বলেন, প্রতিবন্ধী স্বামীকে পছন্দ করতেন না মনোয়ারা। অন্যের সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক ছিল বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে।