পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন দিন পরও গ্রেপ্তার হননি সাজাপ্রাপ্ত আসামি রনি হোসেন। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লালমনিরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত শহর উপপরিদর্শক (টিএসআই) মনছুর আলী, কনস্টেবল মোতালেব হোসেন ও শামসুল ইসলামকে গত রোববার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে লালমনিরহাট পৌরসভার গোসলা বাজারের বিলুপ্ত সিটি কলেজের মাঠ এলাকা থেকে একই এলাকার রনিকে (৩২) গাঁজাসহ আটক করা হয়। রাতেই জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম এ এস এম কাশেমের ভ্রাম্যমাণ আদালত তাঁকে গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পুলিশের ভাষ্যমতে, রনিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজিবাইকে সদর থানায় নেওয়ার সময় থানার ফটকের সামনে থেকে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।
এ ঘটনায় রোববার বিভাগীয় তদন্ত শেষে দায়িত্বে অবহেলার অভিযোগে টিএসআই মনছুর আলী, কনস্টেবল মোতালেব ও শামসুলকে সাময়িকভাবে বরখাস্ত করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়া টিএসআই মনছুর ও দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাঁদের ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।