লালমনিরহাটে তিন বছরে ১৬৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলায় চার বছরে চার হাজার ৫৮১ জন যক্ষ্মা রোগীকে শনাক্ত করা হয়েছে। অন্য দিকে গত তিন বছরে ১৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলের দুটি ইউনিয়ন গোকুণ্ডা ও রাজপুর এবং আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী, দুর্গাপুর ও সারপুকুর ইউনিয়ন হচ্ছে জেলার মধ্যে সবচেয়ে বেশি যক্ষ্মাপ্রবণ এলাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তারা কাজের খোঁজে ঢাকার গার্মেন্টসে এবং দেশের অন্যত্র পাড়ি জমায়। অনেক সময় বৈধ বা অবৈধ পথে ভারতে গিয়ে কাজ করে থাকে। এসব মানুষ এলাকার বাইরে গিয়ে রাত যাপন করে অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে। আর যক্ষ্মা যেহেতু সংক্রামক রোগ ও বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আদিতমারী উপজেলায় বেশ কয়েকটি তামাক-বিড়ি ফ্যাক্টরি রয়েছে, সেখানে যারা কাজ করছে, তারাও আক্রান্ত হচ্ছে বেশি। উপজেলার কালীবাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে মন্টু মিয়া (৩০) বলেন, ‘আমি স্থানীয় আবুল বিড়ি ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলাম। আরডিআরএস থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পর আমি আর বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতে যাইনি। লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার জানান, যক্ষ্মা রোগীর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারিভাবে নিয়মিত ওষুধ ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয়।আরডিআরএস বাংলাদেশের সামাজিক স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী (যক্ষ্মা ও কুষ্ঠ) ডা. বিপুল চন্দ্র সরকার বলেন, ‘আমরা গণসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সভা করে আসছি। রোগীরা যাতে আরলি ডায়াগনোসিসের আওতায় আসে, এ জন্য কর্মীরা ডোর টু ডোর যাচ্ছে।’ যক্ষ্মার চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এমন একজন লালমনিরহাট পৌর এলাকার মাঝাপাড়া গ্রামের পুষনাথ মহন্তের স্ত্রী স্বপ্না রানী (২০) বলেন, যক্ষ্মা হওয়ার পর আরডিআরএস থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। লালমনিরহাট সদর উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী শাহাজালাল বলেন, ‘আমার কাছে ছয়-সাতজন গার্মেন্টসকর্মী চিকিৎসাধীন যক্ষ্মা রোগী রয়েছেন। তাঁরা সবাই ঢাকার বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। চাকরি করা অবস্থায় তাঁরা যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন বলে আমাকে জানান।’আরডিআরএস বাংলাদেশের সামাজিক স্বাস্থ্য প্রকল্পের লালমনিরহাট ইউনিট পরিবীক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, এখন যক্ষ্মার নিরাপদ ও উন্নত চিকিৎসা রয়েছে, নিয়মিত চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব।