লালমনিরহাটে দুই মাসে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ
লালমনিরহাট শহরের দুটি হাফিজিয়া মাদ্রাসা থেকে গত দুই মাসে দুই ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রদের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ছাত্র দুজন হলো শহরের বানভাসা মোড়ের মোক্তার টারী মাসুদ রানা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. হোসেন (১২) ও শহরের নিউ কলোনি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার শাহিনুর রহমান (১৬)। হোসেন ২ অক্টোবর সন্ধ্যায় ও শাহিনুর গত ২৭ জুলাই থেকে নিখোঁজ।
নিখোঁজ হোসেনের বড় ভাই জজ মিয়া ৫ অক্টোবর থানায় জিডি করেন। হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী ময়নার চড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে মাদ্রাসার বোডিংয়ে থেকে পড়াশোনা করত। এখান থেকেই সে নিখোঁজ হয়।
নিখোঁজ শাহিনুরের বড় ভাই মো. হাসুমিয়া গত ১৪ সেপ্টেম্বর থানায় জিডি করেন। শাহিনুর লালমনিরহাট পৌরসভার ৩
নম্বর ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। সেও মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় সে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘কেউ নিখোঁজ হলেই আমরা জরুরি তারবার্তার মাধ্যমে দেশের সব থানায় ঘটনাটি দ্রুত জানিয়ে দিই। এ ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ায় নিখোঁজ বা অপহরণের অভিযোগের ক্ষেত্রে আমরা পাচারকারী, অপহরণকারী বা জঙ্গিচক্রের নেটওয়ার্ক সংশ্লিষ্টতা থাকা বা না থাকার বিষয়টি খতিয়ে দেখে থাকি। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’