লালমনিরহাটে দুই মাসে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র
লালমনিরহাট শহরের দুটি হাফিজিয়া মাদ্রাসা থেকে গত দুই মাসে দুই ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রদের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, লালমনিরহাট শহরের বানভাসা মোড়ের মোক্তার টারী মাসুদ রানা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. হোসেন (১২) গত ২ অক্টোবর সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। আর লালমনিরহাট শহরের নিউকলোনি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র শাহিনুর রহমান (১৬) গত ২৭ জুলাই সন্ধ্যার আগে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজ মো. হোসেনের বড় ভাই মো. জজ মিয়া গত ৫ অক্টোবর লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হোসেন মোক্তার টারী মাসুদ রানা হাফেজিয়া মাদ্রাসার হেফজু লাইনের আবাসিক ছাত্র। সে এই মাদ্রাসার বোডিং এ থেকে পড়াশোনা করত।
নিখোঁজ শাহিনুর রহমানের বড় ভাই মো. হাসুমিয়া গত ১৪ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শাহিনুর নিউকলোনি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র। সে এই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত। গত ২৭ জুলাই সন্ধ্যার আগেই শাহিনুর বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।
নিখোঁজ পরিবারের সদস্যরা বলছেন, আশপাশের এলাকাসহ নিকট ও দূরের আত্মীয়-স্বজন ও পরিচিত সম্ভাব্য সকল স্থানে খুঁজে কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাঁরা পাচারকারী, অপহরণকারী কিংবা জঙ্গিদের নেটওয়ার্কের খপ্পরেও পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় বলেন, শহরের দুই মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে, পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, যে কোনো বয়সের মানুষ নিখোঁজের ঘটনায় আমরা জরুরি তার বার্তার মাধ্যমে দেশের সকল থানায় ঘটনাটি দ্রুত জানিয়ে দিই। এ ক্ষেত্রেও তাই করা হয়েছে।
টিএম মোজাহিদুল ইসলাম বলেন, লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ায় নিখোঁজ বা অপহরণের অভিযোগের ক্ষেত্রে আমরা পাচারকারী, অপহরণকারী বা জঙ্গিচক্রের নেটওয়ার্ক সংশ্লিষ্টতা থাকা বা না থাকার বিষয়টি খতিয়ে দেখে থাকি। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেন, আমরা মাঝে মধ্যেই সুযোগ পেলেই স্কুল ও মাদ্রাসায় গিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে থাকি, যাতে অপশক্তি বা জঙ্গিচক্রের নেটওয়ার্কের কোনো প্রভাব বা ছায়া সৃষ্টি হতে না পারে।