লালমনিরহাটে দুই যুবক গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) লালমনিরহাট সদর উপজেলার তিস্তা শাখার প্রহরী আবদুর রশিদকে (৫৭) হত্যার ঘটনায় সুমন মিয়া ও আবু জাহের নামের দুই যুবককে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী গ্রামের সুমন মিয়াকে এবং গত বুধবার রাতে একই উপজেলার তিস্তা বাজার এলাকার আবু জাহেরকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করে। বুধবার রাতে লালমনিরহাট সদর থানায় রাকাব তিস্তা শাখার পক্ষ থেকে ব্যাংকে ডাকাতির চেষ্টা ও নিরাপত্তা প্রহরীকে হত্যার অভিযোগে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করা হয়। সুমন মিয়া ও আবু জাহেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল লালমনিরহাট আদালতে সোপর্দ করে।

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রাকাব তিস্তা শাখায় গত মঙ্গলবার রাতে ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবদুর রশিদকে (৫৭) ব্যাংকের ভেতরেই গলা কেটে হত্যা করা হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘লালমনিরহাটে রাকাবের শাখায় প্রহরীকে হত্যা, ডাকাতির চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, আদালত রিমান্ড শুনানির জন্য আগামীকাল রোববার দিন ধার্য করেছেন।