সদ্যসমাপ্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় লালমনিরহাট জেলায় নিবন্ধিত দুই হাজার ১৯৭ পরীক্ষার্থী অংশ নেয়নি। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৭৩৭ জন ও মাদ্রাসার ইবতেদায়ি শাখার ৪৬০ জন শিক্ষার্থী রয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চলে বাল্যবিবাহ, অভাব, অভিভাবকদের অসচেতনতা ও শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনে গাফিলতির কারণে শিক্ষার্থীদের বড় একটি অংশ পরীক্ষায় অংশ নেয়নি।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৭০৭ জন। এর মধ্যে ২৫ হাজার ৭৪৯ জন প্রাথমিক বিদ্যালয়ের এবং এক হাজার ৯৫৮ জন মাদরাসার ইবতেদায়ি শাখার শিক্ষার্থী।লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুন নেছা জানান, পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় রক্স প্রকল্পের আনন্দ স্কুলের নিবন্ধিত অনেক শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়নি। এ ছাড়া অন্যান্য কারণে জেলায় ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ কারণে পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা বেশি।এবার হাতিবান্ধায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা জেলার মধ্যে সবচেয়ে বেশি ৭১৯ জন। এর আগে পরপর দুই বছর হাতিবান্ধায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার জেলার মধ্যে সর্বনিম্ন হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়কে চলতি বছরের ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে এসব বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক অন্যত্র বদলি করা হয়।