লালমনিরহাটে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা বিস্ফোরণ মামলার রায় ঘোষণা করা হয়েছে ওই ঘটনার ১০ বছর পর। এতে দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পলাতক এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাট বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী গতকাল বৃহস্পতিবার দুপুরে জেএমবির সদস্য দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে সারা দেশে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন জেএমবি। ওই দিন লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণ, কালেক্টরেট (ডিসি অফিস) প্রাঙ্গণ, রেল ও বাসস্টেশন এবং হাসপাতাল এলাকায় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
গতকালের রায়ে যাবজ্জীবন সাজপ্রাপ্ত দুজন হলেন মনিরুজ্জামান ও মোস্তাফিজার রহমান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পলাতক অপর আসামি সাদেকুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মনিরুজ্জামান ও মোস্তাফিজার রহমান প্রায় ১০ বছর ধরে লালমনিরহাট জেলা কারাগারে আটক রয়েছেন।
রায়ে বলা হয়, সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান ও মোস্তাফিজার রহমান এরই মধ্যে যে সময় হাজতে কাটিয়েছেন, প্রদত্ত সাজা থেকে তা কেটে নেওয়া হবে। আর আত্মসমর্পণ বা গ্রেপ্তারের দিন থেকে আসামি সাদেকুল ইসলামের সাজার মেয়াদ শুরু হবে।
গতকাল রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় সাজাপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট হামলার দিনই লালমনিরহাট সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৯ অক্টোবর জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের সমশের আলীর ছেলে মোস্তাফিজার রহমান ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশোয়া গ্রামের জবদুল হকের ছেলে মনিরুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে রাষ্ট্রপক্ষ ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে। এরপর ২০০৭ সালের ২১ জুলাই আগের দাখিল করা অভিযোগপত্রে অভিযুক্ত ওই দুজনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের দাউদ উদ্দিনের ছেলে সাদেকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে একটি সম্পূরক অভিযোগপত্র জমা দেয় পুলিশ।