লালমনিরহাটে দোকান অটোরিকশা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের শুরকিমিল এলাকায় গত শনিবার সন্ধ্যায় সাতটি দোকান ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। আবারও হামলার আশঙ্কায় গতকাল বিকেল পর্যন্ত ওই এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরের দিকে টিউমলপাড়া এলাকার আরিফ, বক্কর, রাকিব, তমাল, মোহনসহ ৮-১০ জনের একটি দল পূর্বশত্রুতার জের ধরে শুরকিমিল এলাকায় এইচএসসি পরীক্ষার্থী মশিউল ইসলামকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ছুটে এসে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০-১২ জন আহত হয়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেয়।ওই দিন সন্ধ্যার দিকে টিউমলপাড়ার ৪০-৫০ জনের সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র, রড ও লাঠিসোঁটা নিয়ে আবারও শুরকিমিল এলাকায় হামলা চালায়। তারা সাতটি দোকান ও একটি অটোরিকশা ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘবদ্ধ দলটি এলাকা ছেড়ে চলে যায়। পরে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। তবে সকালে পুলিশ প্রত্যাহার করা হলে ব্যবসায়ীরা আবারও হামলার ভয়ে গতকাল বিকেল পর্যন্ত দোকানপাট খোলেননি।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।