লালমনিরহাটে ধর্ষণের দায়ে কলেজশিক্ষকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটে ধর্ষণের দায়ে এক কলেজশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ সোমবার দুপুরে সেখানকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মোতালেব। তিনি জেলার পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন আবদুল গণি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। পাশাপাশি আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় মোতালেব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মোতালেবের বাড়ি একই জেলার হাতীবান্ধা উপজেলায়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন লালমনিরহাটের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এনামুল হক চৌধুরী।

বাদীপক্ষ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ এ রায়ে অসন্তোষ প্রকাশ করে। আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।