লালমনিরহাটে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ধর্ষণের শিকার কিশোরী রশিদা খাতুন (১১) আত্মহত্যা করেছে। সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে শোবার ঘর থেকে গত শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে রশিদা খাতুনের আশ্রয়দাতা ও নানা নচিয়ত উল্লাহ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় একই গ্রামের ফিরোজ ওরফে বাবু (১৯), তাঁর বাবা হাফেজ উদ্দিন ওরফে হোটলা ও মা ফিরোজা বেগমকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে নচিয়ত উল্লাহ বলেন, ‘রশিদাকে ফিরোজ এর আগে কুপ্রস্তাব দিয়েছিল। তখন ফিরোজের পরিবারকে ঘটনা জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বৃহস্পতিবার রাতের ঘটনা জানালেও তারা আমলে নেয়নি। আত্মীয়স্বজনের পরামর্শ অনুযায়ী, শুক্রবার গ্রামের মসজিদে জুমার পর গ্রামবাসীর কাছে ওই ঘটনার বিচার চাইব বলে ভেবেছিলাম। কিন্তু তার আগেই রশিদা আমাদের ছেড়ে চলে গেল। আমি দোষীদের উপযুক্ত বিচার চাই।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার ব্যাপারে বলেন, খবর পেয়ে ওই দিন দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, রশিদার মা শরিফা বেগম ২০০৬ সালে মারা যান। এরপর তার বাবা রফিকুল ইসলাম তাকে নানার বাড়িতে রেখে নিরুদ্দেশ হন। রশিদার আপন নানা শইতুউল্লাহ বেশ কয়েক বছর আগে মারা গেছেন। রশিদা নানি নেছামন নেছার সঙ্গে একটি ঘরে থাকত। বৃহস্পতিবার নেছামন নেছা তাঁর আরেক মেয়ের বাড়ি বেড়াতে যান। এ সময় তিনি সামনের ঘরে তাঁর জা শিউলি বেগমকে (নচিয়ত উল্লাহর স্ত্রী) নাতনিকে দেখে রাখতে বলে যান। রাতে রশিদাকে একা ঘরে পেয়ে ফিরোজ ধর্ষণ করেন। লজ্জায় শুক্রবার সকালে সে ঘরের ধরনার (আড়া) সঙ্গে গলায় ওড়না প্যঁাচিয়ে আত্মহত্যা করেছে।
এজাহারে উল্লেখ করা হয়, ফিরোজ মাঝেমধ্যেই রশিদাকে কুপ্রস্তাব দিতেন। রশিদা বিষয়টি তার নানা নচিয়ত উল্লাহকে জানালে তিনি ফিরোজের মা-বাবাকে জানান। তাঁরা বিষয়টি আমলে না নিয়ে উল্টো নচিয়ত উল্লাহকে গালাগাল করেন ও হুমকি-ধমকি দেন। বৃহস্পতিবার রাতে রাশিদা একা ঘরে ছিল। এই সুযোগে রশিদাকে ফিরোজ ধর্ষণ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, নচিয়ত উল্লাহর স্ত্রী শিউলি বেগম বৃহস্পতিবার রাত নয়টার দিকে নাতনির খোঁজে একই বাড়ির পাশের ঘরে যান। রশিদাকে ফিরোজ ধর্ষণ করছেন দেখে তিনি চিৎকার দেন। এ সময় তিনি ফিরোজকে আটকাতে গেলে ফিরোজ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পালিয়ে যান।