লালমনিরহাটে পঞ্চম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
লালমনিরহাট পৌরসভার বত্রিশহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত মঙ্গলবার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও শামিমুল ইসলাম।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ আগস্ট থেকে উপজেলার ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এতে পাঁচ হাজার ৯১৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। রোববার সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়সংলগ্ন একটি দোকানে বত্রিশহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র ফটোকপি করতে এলে বিষয়টি প্রকাশ পায়। সময়সূচি অনুযায়ী সোমবার অন্যান্য বিদ্যালয়ে এ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে শিক্ষা বিভাগ এই বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে এবং গত মঙ্গলবার নতুন প্রশ্নপত্র দিয়ে ৬২ শিক্ষার্থীর পরীক্ষা নেয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিজওয়ানুল হক জানান, তদন্ত কমিটির সদস্যদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।