লালমনিরহাটে পাঁচ দিনে ১৮ জনকে কুকুরের কামড়
লালমনিরহাটে পাঁচ দিনে (৭ থেকে ১২ জুন) ১৮ জনকে কুকুরে কামড়িয়েছে। এর মধ্যে আটজনকে রোববার লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে একটি লাল রঙের পাগলা কুকুর কামড় দিয়েছে বলে জানা গেছে। লালমনিরহাট সদর হাসপাতালের জলাতঙ্ক নিরাময়কেন্দ্র থেকে এ পর্যন্ত ৯৫ জন কুকুরে কামড়ানো বিভিন্ন বয়সের মানুষ বিনা মূল্যে রাভিপুর ভ্যাকসিন নিয়েছে। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, কুকুরে কামড়ানো রোগী চিকিৎসার সময় যাতে কাউকে কামড় বা আঁচড় না দেয় সেদিকে নজর রাখতে হবে। রোগীর মুখের লালাও যেন অন্যের শরীরে না লাগে সে জন্য সজাগ থাকতে হবে। কুকুর কামড়ালে ক্ষতস্থান সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দ্রুত চিকিৎসা নিতে হবে। লালমনিরহাট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের হোটেলের বয় গাজীউর রহমান (২৪), টিউমলপাড়ার অয়ন আহমেদ (১৮), সাপটানা বাজার এলাকার জয় (৩৩), শাহাজাহান কলোনির মুরাদ (১২), আবাসনের চাতালশ্রমিক নিলুফা ইয়াছমিন (৪০), কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুমন (১৭), আদিতমারী উপজেলার ভেলাবাড়ীর আলী হোসেন (৩২) ও সাপটানা বাজারের মাহবুবুর রহমান (৪০) রোববার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। পরদিন সোমবার আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের আলী হায়দার (৩৫), পলাশী ইউনিয়নের মহিষা শহর গ্রামের জয়ন্ত কুমার (০৩), দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের মনি বেগম (১৪) ও দীঘলটারী গ্রামের আমিনুল ইসলামকে (৫৫) কুকুর কামড়ালে তাঁরা সবাই সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেন। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আলম বলেন, মঙ্গলবার জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলা প্রশাসক এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম বলেন, রোববারের খবর পেয়ে ইতিমধ্যে তিনটি কুকুর মেরে ফেলা হয়েছে। বেওয়ারিশ বা পাগলা কুকুর নিধনের জন্য প্রয়োজনীয় জনবল পৌরসভার নেই। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার বলেন, ‘কুকুর নিধনের জন্য পৌরসভা ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কাজ করার জন্য ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করব।’ লালমনিরহাট সদর হাসপাতালের জলাতঙ্ক নিরাময়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ও হাসপাতালের স্টোর কিপার ফজলে রাব্বী বলেন, ২৪ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত এই হাসপাতাল থেকে জেলার বিভিন্ন উপজেলার ৯৫ জনকে রাভিপুর ভ্যাকসিন দেওয়া হয়েছে।