লালমনিরহাটে পাঠ্যবই সরবরাহে হেরফের
২০১৫ শিক্ষাবর্ষে লালমনিরহাটের পাঁচটি উপজেলায় নবম শ্রেণির আট বিষয়ে প্রায় ২৯ হাজার পাঠ্যবই কম ও তিন বিষয়ে প্রায় ২১ হাজার অতিরিক্ত সরবরাহ করা হয়েছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির কৃষি বিষয়ে ১১ হাজার ৮৩৭টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে ১০ হাজার ৫৪৬টি, সাধারণ বিজ্ঞান ৩ হাজার ৪৫১টি বই কম সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ইসলাম ও নৈতিক শিক্ষার ১ হাজার ৫০৫টি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (মাদ্রাসা) বিষয়ে ৬০৬টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৪৯৫টি, রসায়ন বিষয়ে ২৫০টি এবং পৌরনীতি বিষয়ের ২০০টিসহ মোট ২৮ হাজার ৮৯০টি বই কম দেওয়া হয়েছে।
এদিকে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ১১ হাজার ৭৬৭টি, অর্থনীতি বিষয়ের ৮ হাজার ৩৫৭টি এবং পৌরনীতি বিষয়ের ৭৭০টিসহ মোট ২০ হাজার ৮৯৪টি বই অতিরিক্ত সরবরাহ দেওয়া হয়েছে।
সদর উপজেলার সিন্দুরমতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ আলী মণ্ডল জানান, তাঁর বিদ্যালয়ে শিক্ষা বিষয়ের ৮৫টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতার ৩০টি এবং জীববিজ্ঞানের ছয়টি পাঠ্যবই কম সরবরাহ করায় শিক্ষার্থীদের পাঠ্যদান ব্যাহত হচ্ছে। কবে ওই বই পাওয়া যাবে, তাও সুনির্দিষ্টভাবে জানাতে পারছে না শিক্ষা কার্যালয়।
আদিতমারী উপজেলার মধুপুর নমিতা ও নলিনী বর্মা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র রায় জানান, তাঁর বিদ্যালয়ে কৃষিশিক্ষার ২০টি বই কম গেছে। ওই উপজেলার কুমড়ীরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজল জানান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের ১২০টি ও হিন্দুধর্ম বিষয়ের ৪৩টি বই কম এসেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন জানান, ঘাটতি পাঠ্যপুস্তক সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৩ মার্চ বিতরণ ও নিয়ন্ত্রক বিভাগের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এ বছর বই সরবরাহে বিশেষ সমস্যা হয়েছে।
২০১৫ শিক্ষাবর্ষে জেলায় ১০টি বিষয়ে ৪৬ হাজার ৪১৪টি পাঠ্যবই সরবরাহের চাহিদাপত্র দেওয়া হয়। চাহিদার ১৭ হাজার ২১৬টি বই দেওয়া হয়।