লালমনিরহাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃত্তিঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে গতকাল বৃহস্পতিবার তিন শিশুর মৃত্যু হয়েছে।
ওই তিন শিশু হলো তালুক মৃত্তিঙ্গা গ্রামের আবদুল মতিনের দুই মেয়ে মোছা. মিম (১০) ও মোছা. কুসুম (৯) এবং মতিনের ছোট ভাই ইকবাল হোসেনের ছেলে মো. নাইম (৮)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই তিন শিশু তাদের বাড়ির কাছে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন মণ্ডলের পুকুরে অপর শিশু মৌসুমীর সঙ্গে গোসল করতে যায়। এ সময় ওই তিন শিশু পুকুরে তলিয়ে যায়। মৌসুমীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাদের উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিসের গাড়িতে করে দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দীপঙ্কর রায় বলেন, গতকাল বেলা তিনটা ৫০ মিনিটের দিকে ওই তিন শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
ওই তিন শিশুর চাচা মাইদুল ইসলাম বলেন, ‘ওরা কখন যে ওই পুকুরে গোসল করতে গেছে, তা আমরা জানি না। ওদের সঙ্গে গোসল করতে যাওয়া মৌসুমী বেলা সোয়া একটার দিকে কাঁদতে কাঁদতে এসে আমাদের জানায়, মিমের ঘর (মিমরা) পুকুরের পানিত তলে গেইছে, তোমরা ওমাক খুঁজি বের (বাহির) কর। এরপর আমরা পুকুরে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে সরকারি বিধি/নীতিমালা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ওই তিনজনের পরিবার সেই সুযোগ পেয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যাই। জেলা প্রশাসকের নির্দেশক্রমে তাৎক্ষণিক ত্রাণ-সহায়তা হিসেবে ওই তিন শিশুর প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে জরুরি তহবিল থেকে বরাদ্দ দিয়েছি।’