লালমনিরহাটে পানিবন্দী কয়েক হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরলা নদীর প্রবল স্রোতে গত রোববার রাতে নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সড়ক সেতুর লালমনিরহাট অংশের সংযোগ সড়ক ভেঙে সদর উপজেলায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া পাটগ্রাম উপজেলায় প্রায় তিন হাজার পরিবারের বাড়িঘরে বন্যার পানি উঠেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শীবেরকুঠি গ্রামে দেখা যায়, দ্বিতীয় ধরলা সড়ক সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কন্সট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে বাঁশের পাইলিং দিয়ে সংযোগ সড়কের অবশিষ্ট অংশ রক্ষার চেষ্টা করা হচ্ছে। এ সময় শীবেরকুঠি গ্রামের সোহরাব হোসেন বলেন, সংযোগ সড়ক ভেঙে পানি ঢুকে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চর কুলাঘাট যাওয়ার আধা পাকা সড়কটি ভেঙে যায়।

একই গ্রামের হযরত আলী, হোসেন আলী, সালেহা বেগম ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সাত্তারসহ কয়েকজন বলেন, ‘সামান্য বৃষ্টিতেই ধরলার পানি উপচে বন্যা ও ভাঙন হচ্ছে। রিলিফ (ত্রাণ) চাই না। এ সমস্যার স্থায়ী সমাধান চাই। নদী খনন ও বাঁধ নির্মাণ চাই।’

কুলাঘাট ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, দক্ষিণ শীবেরকুঠি, চর কুলাঘাট, খাটামারী, চর খাটামারী ও আলোর দীঘি গ্রামের আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এলজিইডির লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আল-আমিন খান ও কুড়িগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার গাঙ্গুলী বলেন, চুক্তি হিসেবে নির্মাতাপ্রতিষ্ঠান ভেঙে যাওয়া দ্বিতীয় ধরলা সড়ক সেতুর সংযোগ সড়কটি নির্মাণ করে দেবে।

এদিকে ১৩ দিনের ভারী বৃষ্টি ও উজানের ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধরলা, তিস্তা ও সিঙ্গিমারী নদীর পানি বেড়ে পাটগ্রাম পৌরসভাসহ জোংড়া, জগতবেড়, শ্রীরামপুর ও দহগ্রাম ইউয়িনের প্রায় তিন হাজার পরিবারের ১৫ হাজার মানুষের বাড়িঘরসহ কয়েক হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, জোংড়া ইউনিয়নের বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলের বাঁশকাটা-ঘোষপাড়া-নন্দেরঘাট-বসতটারী সড়কের তিনটি স্থানে প্রায় চার শ মিটার সড়ক এবং ধবলগুড়ি-সরকারের হাট আঞ্চলিক সড়কের দুটি সেতু ভেঙে গেছে। তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ রাস্তাঘাট ও সদ্য লাগানো আমন ধানের প্রায় চার হাজার একরের খেত পানিতে তলিয়ে গেছে। সদরের সঙ্গে ইউনিয়নটির সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।

জোংড়া ইউপির চেয়ারম্যান শাহ মাহমুদুন্নবী বলেন, তাঁর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের বাড়ি তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবেক বাঁশকাটার ছিটমহল। পানিবন্দী মানুষের ত্রাণের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, ‘ত্রাণ হিসেবে জোংড়া ইউনিয়নে তিন টন ও দহগ্রামে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার কিনে দেওয়ার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে।’