লালমনিরহাটে পুলিশের জঙ্গিবিরোধী মানববন্ধন
লালমনিরহাটের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও পোস্টার লাগানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মানববন্ধন শেষে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ‘জঙ্গিবাদকে না বলুন’ শিরোনামে পুলিশ বিভাগের রঙিন পোস্টার লাগানো কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, মেয়র রিয়াজুল ইসলাম ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক।
মো. মতিয়ার রহমান বলেন, জঙ্গিবাদবিরোধী চেতনাকে হৃদয়ে লালন করে কাজে তার প্রমাণ দিতে হবে। তা হলে দেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এস এম রশিদুল হক বলেন, ‘পুলিশ বিভাগের জঙ্গিবাদবিরোধী প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে জঙ্গিবাদকে না বলুন শিরোনামের পোস্টার লাগানো হয়েছে। আমরা শুধু এই পোস্টার লাগানো কার্যক্রমেই থেমে থাকব না, জঙ্গিবাদ নির্মূলে আইনগত কঠোর ব্যবস্থাও গ্রহণ করছি ও করব।’