লালমনিরহাটে পৌরসভার মেলায় বন্ধ হলো লটারি
লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় লটারি বন্ধ করে দেওয়া হয়েছে। লাকি কুপন বিক্রির নামে জুয়া-বাণিজ্য চলছে বলে স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন গত মঙ্গলবার এই নির্দেশ দেয়। কুপন বিক্রি ও লটারির ড্র গতকাল বুধবার অনুষ্ঠিত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার উদ্যোগে গত ১৯ ডিসেম্বর শহরের কালেক্টরেট মাঠে মাসব্যাপী ওই ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর উদ্বোধন করেন। মেলা উপলক্ষে আয়োজন করা হয় ‘লাকি কুপন ড্র’। প্রতিটি কুপনের দাম ২০ টাকা। কুপন বিক্রির জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বিক্রেতা ছিলেন। প্রতিদিন প্রায় ১৫-২০ লাখ টাকার টিকিট বিক্রি হতো। পুরস্কার হিসেবে প্রতিদিন দেওয়া হতো ৫ থেকে ১০টি মোটরসাইকেল। তবে অভিযোগ উঠেছে, লটারির লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই লিখিত অভিযোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. ইলিয়াস হোসেনসহ কয়েকজন স্বাক্ষর করেন। এতে বলা হয়, ওই মেলায় লাকি কুপনের নামে জুয়ার বাণিজ্য চলছে। ওই রাতে মেলার মাঠে লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার পর পৌরসভা কর্তৃপক্ষ লটারির সমাপ্তি ঘোষণা করে।