লালমনিরহাটে প্রকাশনা উত্সবে দুই বাংলার কবি-সাহিত্যিকেরা
একুশের বইমেলায় প্রকাশিত লালমনিরহাটের কবি-সাহিত্যিকদের লেখা চারটি গ্রন্থের প্রকাশনা উত্সব গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দুই বাংলার কবি-সাহিত্যিক, নাট্যকার ও গবেষকেরা। লালমনিরহাট শহরের হাঁড়িভাঙ্গায় আরডিআরএস মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।যে চারটি গ্রন্থের প্রকাশনা উত্সব হয়েছে সেগুলো হলো: লালমনিরহাটের ৩৪ জন কবির প্রত্যেকের পাঁচটি করে কবিতা নিয়ে প্রকাশিত কাঠ পোকাদের দখলে নীরবতার আশ্রম, জাকিউল ইসলাম ফারুকির একক কাব্যগ্রন্থ কবিতার ছায়া, জাকিউল ইসলাম ফারুকি এবং চণ্ডী সান্যাল সম্পাদিত গবেষণা ও জীবনীগ্রন্থ শিক্ষানুরাগী শ্রীশ চন্দ্র সান্যাল ও জুলফিকার সম্পদের গল্পগ্রন্থ অন্তর্দহন। ঢাকায় একুশের বইমেলায় এই বইগুলো প্রকাশ করেছে লালমনিরহাটের পূর্বা প্রকাশনী।উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় শ্রীশ চন্দ্র সান্যাল লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি পুলিশকে স্কুলে প্রবেশের অনুমতি না দেওয়ায় ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত নবম ও দশম শ্রেণীর ছাত্রদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের কবি ও কলাম লেখক জাকিউল ইসলাম ফারুকি। আরও বক্তব্য দেন প্রবন্ধকার গোলাম রহমান ও আবদুল মজিদ মণ্ডল, সমাজসেবক আজিজুল হক বীর প্রতীক, কুড়িগ্রামের কবি আব্রাহাম লিংকন, কলকাতা থেকে আসা জনপ্রিয় নাট্যকার প্রেমাঞ্জন দাশগুপ্ত এবং সাহিত্যিক ও নাট্য সংগঠক পিনাকী বন্দ্যোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করেন ফেরদৌসি রহমান, বাদল আশরাফ, আবদুর রব, বাদল সাহা শোভন, প্রত্যয়ী মিজান (নীলফামারী), রওশন মতিন (দিনাজপুর), মাইকেল রবীন সরকার (কুড়িগ্রাম), শিরিনা আক্তার, ইশারত জাহান, আফরোজা লাকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য পত্রিকা মাসিক রোদ্দুর-এর সম্পাদক ও পূর্বা প্রকাশনীর স্বত্বাধিকারী বাদল সাহা শোভন। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।