লালমনিরহাটে গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আট পরীক্ষার্থীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ ছাড়া নকল করার দায়ে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী উম্মে কুলসুমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাট জেলা শহরের জেল রোডের দোয়েল গেস্ট হাউস থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে পরীক্ষার্থী শাজিয়া বেগম, তপন কুমার রায়, কামরুন নাহার, সিরাতুন জান্নাতি, সারমিন আফরোজ ও লিপি রায় এবং লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে আলমগীর হোসেন ও লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আনোয়ারুল ইসলামকে ডিবি পুলিশ আটক করে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করে। আটক অন্যরা হলেন কাজী আসাদুজ্জামান, নাজমুল হোসাইন, আসাদুজ্জামান আসাদ, লাভলু হোসেন, সাফিউল ইসলাম, নজরুল ইসলাম, আতিকুল হাসান, সোহান রহমান, আকতারুল ইসলাম, রাসেল ইসলাম, জুলফিকার আলী, অনুপ কুমার রায়, আবদুল মালেক, পরেশ প্রসাদ গুপ্ত, সাইফুল ইসলাম ও কাদের এলাহী নেওয়াজ।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে থাকা লালমনিরহাটের ডিবি পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ বলেন, ৮ পরীক্ষার্থীসহ আটক হওয়া ২৫ জনকে প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের অভিযোগে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে আটক পরীক্ষার্থী কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের আলমগীর হোসেন হচ্ছেন এ চক্রের অন্যতম সদস্য।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, যারা এই অপতৎপরতার সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিষয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।