লালমনিরহাটে বইয়ের দোকানে ধর্মঘট
চারটি বইয়ের দোকানকে জরিমানা করার প্রতিবাদে এবং সৃজনশীল-সহায়ক বই বিক্রিতে বাধা না দেওয়ার দাবিতে লালমনিরহটে বইয়ের দোকানগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ডাকে গত মঙ্গলবার থেকে জেলার ১০৪টি বইয়ের দোকানে এ ধর্মঘট শুরু হয়।একই দাবিতে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শহরের রেলবাজারের লাইব্রেরিপট্টিতে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়েন জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক ও রেলবাজারের মডার্ন বুক ডিপোর মালিক আবদুল হাই। বক্তব্য দেন সমিতির জেলা কমিটির সভাপতি ও রেলবাজারের গ্রিন লাইব্রেরির মালিক মোজাহেদ আলী, কোষাধ্যক্ষ ও রেলবাজারের হক লাইব্রেরির মালিক খোরশেদ আলম প্রমুখ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাইফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেলবাজারের লাইব্রেরিপট্টিতে অভিযান চালান। এ সময় বিক্রয়-নিষিদ্ধ নোট বই রাখার দায়ে মডার্ন বুক ডিপোকে দুই হাজার, ফেরদৌস লাইব্রেরিকে এক হাজার, গ্রিন লাইব্রেরিকে ৫০০ ও হক লাইব্রেরিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোজাহেদ আলী বলেন, ‘সৃজনশীল-সহায়ক বই বিক্রতে বাধা প্রদানসহ জরিমানা আদায়ের প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছি। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’