লালমনিরহাটে বাড়িঘরে ফিরছে বাংলাদেশিরা
লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের বাসিন্দারা আবার বাড়িঘরে ফিরতে শুরু করেছে। গতকাল রোববার ভোর থেকে তারা ফিরতে শুরু করে। আগের সন্ধ্যায় সীমান্তের এ গ্রামে ভারতীয় বত্বর বাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তৎপরতা বাড়ালে গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালায়।
গত শনিবার সন্ধ্যায় সীমান্তে বিএসএফ শক্তি বৃদ্ধি ও সার্চলাইট দিয়ে বাংলাদেশি এলাকায় নজরদারি শুরু করলে আতঙ্কিত গ্রামবাসী বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
এদিকে গতকাল দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সভাকক্ষে বিজিবির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় এক বাংলাদেশি নিহত ও চার বাংলাদেশি আহত হলে এমনিতেই চওড়াটারী গ্রামবাসী ভয়ে ছিল। শনিবার সন্ধ্যা থেকে সীমান্তে বিএসএফের বাড়তি উপস্থিতি ও নজরদারিতে কিছুটা আতঙ্ক ও ভুল-বোঝাবুঝি থেকে গ্রামের লোকজন নিরাপদ স্থানে সরে যায়। তবে তারা গতকাল ভোরেই ফিরে এসেছে।