লালমনিরহাটে বাল্য বিবাহ ঠেকাল বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে একটি বাল্য বিবাহ ঠেকিয়ে দিয়েছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বাড়িতে অবস্থান করে তাঁরা এই বিয়ে প্রতিরোধ করেন। একাধিক সূত্রে জানা গেছে, মোগলহাট ইউনিয়নের ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুড়াকুটি গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের (২৭) বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল। বরপক্ষের লোকজন কনের বাড়িতে রাত ১১টার দিকে এসে উপস্থিত হন। খবর পেয়ে স্থানীয় বন্ধুসভার সদস্যরা ওই বাড়িতে এসে বিয়েতে বাধা দেন। স্থানীয় কাজী ওমর আলী বিয়ে পড়ানোর জন্য এসেছিলেন। বন্ধুসভার সদস্যদের অনুরোধে তিনি বিয়ে পড়ানো থেকে বিরত থাকেন। এর পরও বরপক্ষ বিয়ে সম্পন্ন করার চেষ্টা করলে বন্ধুসভার সদস্যরা বিষয়টি প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রবকে জানান। প্রথম আলো প্রতিনিধি বিষয়টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে জানালে তিনি বন্ধুসভার সদস্যদের বিয়েটি ভেঙে না যাওয়া পর্যন্ত সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করার পরামর্শ দেন। গতকাল বেলা ১১টায় বিয়ে না করে বরপক্ষ ফিরে যায়। লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মো. আবু মোক্তাদের বলেন, তাঁরা বিয়েটি শেষ পর্যন্ত প্রতিরোধ করতে পেরে খুশি। বিষয়টিকে তাঁরা সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকেই দেখেছেন। এর আগে গত ১১ মে রাতে প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের অষ্টম শ্রেণীর আরেক ছাত্রীর বিয়ে প্রশাসনের সহযোগিতায় প্রতিরোধ করেন। ১৩ মে প্রথম আলোতে ‘বাল্য বিবাহ বন্ধ’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।