লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ শনিবার অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন। লালমনিরহাট পৌর এলাকার মহাম্মদপুর গ্রামের পুটিমারী দোলার ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পরশের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যার প্রতিবাদে গতকাল শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া আগামীকাল ১৩ নভেম্বর শনিবার পৌর এলাকায় অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে স্থানীয় কৃষকেরা পৌর এলাকার মহাম্মদপুর পুটিমারী দোলার ধানখেতে একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরশের পরিবারের সদস্যরা লাশটি মেহেদীর বলে শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। রাতে তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।এদিকে মেহেদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এতে লালমনিরহাট-পাটগ্রাম-রংপুর মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মেহেদীর হত্যার খবর ছড়িয়ে পড়ার পর শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।