লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ধাওয়া ও অতিরিক্ত পিপির চেম্বার ভাঙচুরের মামলার রায়ে বিএনপির ১৪ জন নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল গতকাল সোমবার বিকেলে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। চার বছর করে কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন পৌর বিএনপির সদস্য মেহেদী হাসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। তিন বছর করে সাজা হয়েছে আদিতমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য জাহেদুল ইসলাম, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলকর্মী সুমন, মজিদুল, কাজল, মিলন, নূরনবী ও রাশেদ। আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ রায়ের প্রতিবাদে বিএনপি প্রতিবাদ সভা করেছে। শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে বিএনপির কর্মী-সমর্থকেরা লালমনিরহাট-বুড়িমারী সড়ক অবরোধ করেন। সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির আন্দোলনের ভয়ে মহাজোট সরকার সারা দেশে দমন-পীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ১৪ জন নেতা-কর্মীকে জেলে ভরা হলো। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ। গত ৫ আগস্ট এবিসি রেডিও ও প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, মানবজমিন-এর প্রতিনিধি মিলন পাটোয়ারী ও আজকালের খবর-এর প্রতিনিধি আশিকুর রহমান একটি মামলায় ৩৫ জনের জামিন না মঞ্জুরের তথ্য সংগ্রহের জন্য জেলা আদালত চত্বরে যান। এ সময় আসামিরা সংঘবদ্ধভাবে তাঁদের ধাওয়া করেন। প্রাণ রক্ষায় সাংবাদিকেরা জেলা আদালত চত্বরে অবস্থিত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের (এপিপি) চেম্বারের ভেতরে আশ্রয় নেন। পরে আসামিরা চেম্বারের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় সাংবাদিকদের রক্ষায় এপিপির সহকারী আবদুল খালেক এগিয়ে গেলে তিনি আহত হন। এ ঘটনায় লালমনিরহাট অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফুরা বেগম রুমী বাদী হয়ে সদর থানায় ২২ জনকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হাসান ১৬ আগস্ট ১৭ জনকে অভিযুক্ত করে মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাজা পাওয়া আসামিরা গত ২০ জানুয়ারি থেকে জেলা কারাগারে আটক রয়েছেন। এদিন তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।