লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ১ নম্বর সুলতান বাহাদুর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোস্তফা সরকারের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মীর নামে শুক্রবার রাতে সদর থানায় মামলা করেছেন নিহতের চাচাতো ভাই আবদুর রশিদ সরকার।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির ধ্বংসাত্মক কাজের প্রতিবাদ করায় মোস্তফা সরকার ও আনিছুর রহমানকে বিএনপির নেতা-কর্মীরা ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে একপর্যায়ে গায়ে আগুন লাগিয়ে দেন।মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের সাধাণ সম্পাদক আজিজার রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল জলিল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল লতিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী প্রমুখ।এদিকে মামলাটিকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের জন্য জেলা বিএনপি গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে মামলাটি প্রত্যাহার করা না করা হলে জেলায় সর্বাত্মক হরতালসহ বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকি দেন জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব। তিনি দাবি করেন, ২৯ নভেম্বর হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দলীয় কর্মীরা যখন নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন তখন গোকুন্ডা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সন্ত্রাসীরা পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এ সময় পরিধেয় বস্ত্রে আগুন লেগে মোস্তফা সরকার ও আনিছুর রহমান অগ্নিদগ্ধ হন।