লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে সীমান্তে মেইন পিলার ৯০৭-এর সাব পিলার-৫-এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহিনুর রহমান (২৮)। উপজেলার পূর্ব আমঝোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আজ ভোরে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্ভুক্ত ফালাকাটা সেক্টরের অধীন ধুমের খাতার ২১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা শাহিনুরকে গুলি করে। এতে গুরুতর আহত হন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলায় তাঁর মৃত্যু হয়। পরে শাহিনুরের লাশ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শাহিনুরকে গুলি করে হত্যার বিষয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বিএসএফের পক্ষ থেকে আগামীকাল রোববার পতাকা বৈঠকের জন্য বিজিবিকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে সম্মতি দিয়েছে বিজিবি।