লালমনিরহাটে বিক্ষুব্ধ যাত্রীদের রেলস্টেশনে হামলা-ভাঙচুর
লালমনিরহাটে আড়াই ঘণ্টায়ও ট্রেন না পাওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা গত বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশনে ভাঙচুর করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যাত্রীরা জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের বেশির ভাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে গিয়েছিল।ঘটনার পর পর লালমনিরহাট স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নির্বাচনী এলাকা পাটগ্রাম-হাতীবান্ধা উপজেলার বাসিন্দাদের জন্য দুটি বিশেষ ট্রেনের (নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগি যুক্ত) ব্যবস্থা করা হয়। কিন্তু জনসভা শেষে বাড়ি ফেরার জন্য কোনো বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল না।জনসভা শেষে অনেকে বাসসহ বিভিন্ন যানবাহনে বাড়ি চলে যায়। স্বল্পখরচে বাড়ি ফেরার জন্য অনেকে লালমনিরহাট স্টেশনে ভিড় করে। তারা বুড়িমারীগামী (লালমনিরহাট-আদিতমারী-কালীগঞ্জ-হাতীবান্ধা-পাটগ্রাম হয়ে) সন্ধ্যা সাতটা ১০ মিনিটের ৪৫৫ আপ লোকাল ট্রেন ও রাত আটটা ২০ মিনিটের করতোয়া এক্সপ্রেস-৭১৩ নম্বর ট্রেনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশনে আসে রাত সাড়ে ১০টায়। লোকাল ট্রেনটি আসে রাত ১১টা ২৫ মিনিটে। যাত্রীদের ভাষ্যমতে, ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা কিছুক্ষণ পর পর স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে ট্রেন আসার খবর নিচ্ছিল। কিন্তু যাত্রীদের কিছুই জানাতে পারেননি তাঁরা। রাত পৌনে ১০টার দিকে স্টেশনের কর্মকর্তারা কয়েকজন যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে ক্ষুব্ধ হয়ে ওঠে অন্য যাত্রীরা। তারা ইটপাটকেল, পাথর ছুড়ে স্টেশনমাস্টার, সহকারী স্টেশনমাস্টার, টিকিট সংগ্রাহক, টিকিট কাউন্টার, অনুসন্ধান কেন্দ্র, বিশ্রামাগার, দোতলার কম্পিউটার সার্ভার কক্ষের সব জানালার গ্লাস ভেঙে ফেলে। এ ছাড়া ওই সব কার্যালয়ের ফাইলপত্র ও আসবাবপত্র তছনছ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশের সহায়তায় বিক্ষুব্ধ ট্রেন যাত্রীদের ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও পুলিশ সুপার হাবিবুর রহমান।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের সহকারী ট্রাফিক তত্ত্বাবধায়ক সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও রেলপথমন্ত্রীর কর্মসূচিসহ বিভিন্ন কারণে ট্রেনগুলোর সময়সূচি কিছুটা এলোমেলো হয়েছিল। এ অবস্থায় ট্রেন দুটি কখন আসবে, কখন যাবে, তার তথ্য অপেক্ষমাণ যাত্রীদের সঠিকভাবে জানাতে না পারায় সৃষ্ট ভুল বোঝাবুঝির কারণে উত্তেজিত যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালায়।লালমনিরহাট রেলওয়ে স্টেশনমাস্টার দেওয়ান নিজাম উদ্দিন বলেন, ‘রাত পৌনে ১০টা থেকে ২০ থেকে ২৫ মিনিট স্থায়ী গন্ডগোল, অফিসগুলোতে হামলা ও ভাঙচুরের সময় কর্তব্যরত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা জীবন বাঁচাতে অন্যত্র গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনে খবর দিয়ে সহায়তা চেয়েছিলেন। ঘটনাটি আমরা ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানিয়েছি। এ ব্যাপারে লালমনিরহাট জিআরপি থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত হয়েছে।’