লালমনিরহাটে বিচার কার্যক্রম ৬ নভেম্বর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচার কার্যক্রমের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এর পর আদালত ৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়। ৩১ রাইলেফল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিচার শুরু হয়। চলে সাড়ে নয়টা পর্যন্ত। গতকাল বিচার কার্যক্রম শুরু হলে আদালতের কৌঁসুলি ওই ব্যাটালিয়নের অধিনায়ক আসলাম হোসেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কৌঁসুলি আসলাম হোসেনকে সহায়তা করেন বিশেষ কৌঁসুলি গাজী জিল্লুর রহমান ও বেলায়েত হোসেন।এরপর আদালতের সভাপতি মেজর জেনারেল রফিকুল ইসলাম আদালতে উপস্থিত আসামিদের বক্তব্য শুনেন। এ সময় সভাপতি বলেন, আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তাঁরা দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তা মূল্যায়ন করে অনুকম্পা প্রদর্শন করতে পারেন, আবার না-ও পারেন। এরপর সভাপতি ৬ নভেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। ৭ নভেম্বর সকাল নয়টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হবে। পরে কড়া নিরাপত্তায় ২৪ জন আসামিকে জেলা কারাগারে নেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে ২৬ ফেব্রুয়ারি লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যাটালিয়নের জেসিও সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।সংশোধনী: গত ২৭ জুলাই প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ‘বিডিআরে বিদ্রোহ/লালমনিরহাটে অভিযোগপত্র’ শিরোনামে প্রকাশিত সংবাদে অসাবধানতাবশত অভিযোগপত্র উপস্থাপনের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ওই দিন আসামিদের অনুপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়।