লালমনিরহাটে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারীগামী নতুন ট্রেন বুড়িমারী এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার। স্থানীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সকালে লালমনিরহাট স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন। রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, যে অবস্থায় ট্রেনটি চালু করা হয়েছে, তাতে লোকসানের আশঙ্কা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গণপরিবহন হিসেবে রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে এনে যাত্রীসাধারণের কাছে আবার জনপ্রিয় করার ওপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, এই রুটে এই বছর আরও নতুন ট্রেন সার্ভিস চালু করা হবে। তিনি জনগণকে টিকিট কেটে নিয়মিত ট্রেনে চলাচলের জন্য আহ্বান জানান।লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন ২৬০ জন যাত্রী ধারণক্ষমতার বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে সকাল আটটায় ছেড়ে বেলা একটায় বুড়িমারীতে পৌঁছাবে এবং দুপুর দেড়টায় বুড়িমারী থেকে যাত্রা করে লালমনিরহাটে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত ৮৫ কিলোমিটারে টিকিটের মূল্য রাখা হয়েছে যাত্রীপ্রতি ২৫ টাকা। ট্রেনটি নয়টি স্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হচ্ছে: লালমনিরহাট, আদিতমারী, কাকিনা, তুষভাণ্ডার, ভোটমারী, হাতীবান্ধা, বড়খাতা, পাটগ্রাম ও বুড়িমারী।উদ্বোধনী দিনে লালমনিরহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে বুড়িমারীর উদ্দেশে সকাল আটটায় ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় নির্ধারিত থাকলেও আধা ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে। টিকিট কেটে যাত্রী উঠেছিল ২৬ জন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধায় যাত্রীসেবার যে মান রয়েছে, তাতে প্রতিদিন ট্রেনটি চালাতে রেলওয়েকে পাঁচ থেকে ছয় হাজার টাকা লোকসান গুনতে হবে। তবে আসনসংখ্যা, গতিসীমা ও ভাড়া বাড়িয়ে এই লোকসান কমানো সম্ভব।লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই বলেন, এই রুটের অবকাঠামো সংস্কার ও উন্নয়ের কাজ ২০১০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এবং আগামী ডিসেম্বর নাগাদ শেষ হবে।