লালমনিরহাটে ব্যবসায়ীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, ভাঙচুর
লালমনিরহাট শহরের স্বর্ণকারপট্টিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে জুয়েলারি ব্যবসায়ীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার লাইনে দাঁড়িয়ে একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের সুবর্ণা জুয়েলার্সের ব্যবস্থাপক রমাকান্ত বেলা ১১টার দিকে টাকা জমা দেওয়ার জন্য স্থানীয় একটি বেসরকারি ব্যাংকে যান। সেখানে লাইনে দাঁড়ানো নিয়ে তাঁর সঙ্গে শহরের টিউমল পাড়ার যুবলীগের কর্মী মানিকের কথাকাটাকাটি হয়। পরে রমাকান্ত টাকা জমা দিয়ে চলে যান।এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে মানিকের নেতৃত্বে অর্ধশতাধিক যুবলীগ-ছাত্রলীগের কর্মী লাঠিসোঁটা নিয়ে স্বর্ণকারপট্টিতে সুবর্ণা জুয়েলার্সে ঢোকেন। তাঁরা রমাকান্তকে দোকান থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় অন্য ব্যবসায়ী ও কর্মচারীরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে উজ্জ্বল (২৪), শর্মা (২০), মোহন (১৮), মানিকসহ (২৫) কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় চারটি দোকানে ভাঙচুর চালানো হয়। আহত ব্যক্তিদের লালমনিরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।সংঘর্ষের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বর্ণকারপট্টি থেকে গোশালা বাজার পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে। খবর পেয়ে পুলিশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির আহ্বায়ক কাজী নজরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকে আটক করা হলেও পরে নেতাদের আশ্বাসে ছেড়ে দেওয়া হয়েছে।